, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
নলছিটিতে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে হামলা! বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত, লুটপাটের অভিযোগ স্বজনদের বিরুদ্ধে

নলছিটিতে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে হামলা! বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত, লুটপাটের অভিযোগ স্বজনদের বিরুদ্ধে

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলায় গভীর রাতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই ও সহযোগীদের বিরুদ্ধে। হামলার পর ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। নৃশংস এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ডালিয়া বেগম (৬০) জগন্নাথপুর গ্রামের মৃত ইউনুস হাওলাদারের স্ত্রী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ডালিয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার রাতে তিনি ঘরে একাই ছিলেন। তার দুই ছেলে জীবিকার তাগিদে বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে গভীর রাতে বসতঘরের বেড়া কেটে সিঁধ দিয়ে ঘরে প্রবেশ করে তার আপন চাচাতো ভাই মজিবর মাঝি, সহযোগী জহির, সজীব মাঝিসহ আরও কয়েকজন। ঘরে ঢুকেই তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং মারধর করে রক্তাক্ত জখম করে। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ডালিয়া বেগমের ছেলে মিলন বলেন, “আমার মা বাড়িতে একাই থাকেন। আমরা দুই ভাই কাজের কারণে বাইরে থাকি। সেই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষরা আমার মাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সাহেদ জানান, বৃদ্ধার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বয়সের বিষয়টি বিবেচনায় রেখে তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নলছিটি থানার উপ—পরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, ঘটনার পর আহত নারী ফোন করে পুলিশকে বিষয়টি জানিয়েছেন। তাকে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা নতুন নয়। তবে গভীর রাতে একজন অসহায় বৃদ্ধার ঘরে সিঁধ কেটে ঢুকে এ ধরনের নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost