বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দর এলাকায় রাস্তার পাশ থেকে ২০২৩-২৪ অর্থবছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লোগো সম্বলিত ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) দুপুরে উদ্ধারকৃত কম্বলগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গুঠিয়া বন্দর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার নির্দেশে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত বস্তাগুলো খুলে দেখা যায়, সেগুলোতে ২০২৩-২৪ অর্থবছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লোগোযুক্ত হতদরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল রয়েছে। প্রশাসন মোট ৯ বস্তা কম্বল উদ্ধার করে সরকারি হেফাজতে নিয়েছে।
সরকারি ত্রাণসামগ্রী কীভাবে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এল, কারা এগুলো সেখানে রেখেছে এবং এর পেছনে কোনো অনিয়ম বা অবহেলা রয়েছে কি না—এসব বিষয় নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাদের দাবি, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণসামগ্রী কোনোভাবেই অপব্যবহার বা আত্মসাতের সুযোগ দেওয়া যাবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “গুঠিয়া বন্দর এলাকা থেকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লোগোযুক্ত ৯ বস্তা কম্বল উদ্ধার করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কম্বলগুলো কীভাবে সেখানে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি ত্রাণসামগ্রী যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন