
বরিশালের মুলাদীতে ২৩ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাঁর শ্বশুর পারভেজ মুন্সি (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী কাজের কারণে সিলেটে অবস্থান করছেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত পারভেজ মুন্সি বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব ও অশ্লীল অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার (১৫ আগস্ট) রাত ১টার দিকে গৃহবধূ তাঁদের বসতঘরে ওয়াটার হিটারে পানি গরম করছিলেন। এ সময় পারভেজ মুন্সি পেছন দিক থেকে তাঁকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে গৃহবধূর ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর গতকাল রাতে তিনি মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এজাহার পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতেই অভিযুক্ত পারভেজ মুন্সিকে গ্রেপ্তার করে। পরে আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালের শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।