ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মুরগিবাহী পিকআপের ধাক্কায় মো. ইমরান (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে মুরগিবাহী পিকআপটি (ঢাকা মেট্রো-ড-১২-০৭৪২) বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। খেজুরতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপের হেলপার মো. ইমরান ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
নিহত মো. ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।