
ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে দুই পরিবহনচালককে পৃথক মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল—পটুয়াখালী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক আঞ্জুমান নেছা।
অভিযান চলাকালে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে ঢাকাগামী বাউফল পরিবহন ও নিউ ইউনিক পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। এসব মামলায় ভ্রাম্যমাণ আদালত মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দ করা হাইড্রোলিক হর্ন দুটি ধ্বংস করা হয়।
এ সময় পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শব্দদূষণ প্রতিরোধে করণীয় তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, মাত্রাতিরিক্ত শব্দ মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।