, , ,
শিরোনাম
বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক নলছিটিতে জমি রেজিস্ট্রি ফি ও সরকারি নির্ধারিত মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ মুলাদীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক কাজিরহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
নলছিটিতে জমি রেজিস্ট্রি ফি ও সরকারি নির্ধারিত মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ

নলছিটিতে জমি রেজিস্ট্রি ফি ও সরকারি নির্ধারিত মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

জমি রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি, হস্তান্তরিত জমির মূল্য নির্ধারণে জটিলতা এবং মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত জমির মূল্য বেশি হওয়ার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলছিটি—বরিশাল সড়কের খোজাখালি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নলছিটি উপজেলার বিভিন্ন শ্রেণি—পেশার ভুক্তভোগী জমির মালিক, ক্রেতা ও বিক্রেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারি বিভিন্ন ফি এবং মৌজাভিত্তিক নির্ধারিত জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে জমি বিক্রি করে যে অর্থ পাওয়া যাচ্ছে, তার তুলনায় দলিল রেজিস্ট্রেশনের খরচও বেশি হয়ে যাচ্ছে। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে জমি ক্রয়—বিক্রয় ও রেজিস্ট্রেশন করতে পারছেন না। এতে নলছিটির বিভিন্ন মৌজায় জমি কেনাবেচা অনেকটাই কমে গেছে বলেও তারা দাবি করেন।

বক্তব্যে মো. ফেরদৌস খান বলেন, “সরকারি বিভিন্ন ফি ও মৌজাভিত্তিক জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জন্য জমি রেজিস্ট্রেশন করা কঠিন হয়ে পড়েছে। জমি বিক্রি করে প্রয়োজন মেটাতে গিয়ে মানুষকে বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে।”

মানববন্ধনে ইঞ্জিনিয়ার বাবুল বলেন, সরকার নির্ধারিত জমির মূল্য অনেক ক্ষেত্রে বাস্তব বাজারমূল্যের তুলনায় বেশি হওয়ায় রেজিস্ট্রেশন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এতে প্রকৃত ক্রয়মূল্য ও রেজিস্ট্রেশন মূল্যের মধ্যে অসামঞ্জস্য তৈরি হচ্ছে। এর ফলে সাব—রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশনের সংখ্যাও কমে যাচ্ছে এবং সরকারও রাজস্ব হারাচ্ছে বলে দাবি করেন তিনি।

মো. আবজাল মৃধা বলেন, পৌর এলাকায় জমি ক্রয়—বিক্রয়ের ক্ষেত্রে উৎসকর বাবদ প্রতি শতাংশে ১০ হাজার টাকা পরিশোধ করতে হচ্ছে, যা ক্রেতাদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। একই সঙ্গে পৌর এলাকায় জমি কেনাবেচার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও যৌক্তিক নয় বলে তিনি দাবি করেন।
বক্তারা জমি রেজিস্ট্রেশন ব্যয় কমানো, মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত জমির মূল্য বাস্তব বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ, উৎসকর ও অন্যান্য ফি যৌক্তিক পর্যায়ে আনা এবং জমি ক্রয়—বিক্রয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost