মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
রাজশাহীতে ধার নেওয়া টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে আশিকুর রহমান (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার (২৫ মে) সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এই ঘটনা ঘটে। আশিকুর ধারের টাকা ফেরত না দেওয়ায় ফয়সাল এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে।
নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। অভিযুক্ত ফয়সাল আলী জয় মোন্তাজ আলীর ছেলে। তিনি পেশায় তিনি অটোরিকশা চালক।
পুলিশ জানায়, গত ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর আশিকুরের বাড়ি থেকে ফিরে আসেন ফয়সাল। বেলা ১১টার দিকে নিজের অটোরিকশা নিয়ে বের হন ফয়সাল। তখন আবার আশিকুরের সঙ্গে তার দেখা হয়। এ সময় তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের হাতাহাতিতে লিপ্ত হয়। তখন ফয়সাল ছুরি দিয়ে আশিকুরের বুকের বাম পাশে আঘাত করেন। এরপর ফয়সাল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামকুড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর ফয়সালকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। পরে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। সেই মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে আসামিকে রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্যদিকে ময়নাতদন্তের পর নিহত যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।