
বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর থেকে ব্যাপারীর হাট সড়কের সংস্কার ও আরসিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২ আগস্ট) নির্মাণকাজ চলাকালে স্থানীয়রা কাজের মান ও নির্মাণ পদ্ধতিতে অনিয়ম দেখতে পেয়ে ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ এনে চলমান কাজ বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে প্রকল্পের প্রাক্কলন (ডিজাইন ও এস্টিমেট) অনুযায়ী কাজ করা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করায় সড়কের স্থায়িত্ব নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেন। এ কারণে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে মুলাদী উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকল্পের প্রাক্কলন (ডিজাইন ও এস্টিমেট) যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, “স্থানীয়রা মোবাইল ফোনে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ করেছেন এবং কাজ বন্ধ করে দিয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের পাঠিয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত করে মানসম্মতভাবে সড়ক নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।