, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী

কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বিভাগীয় শহর বরিশালে সরাসরি কোনো বাস সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী। প্রতিদিন দাপ্তরিক কাজ, উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও ব্যবসায়িক প্রয়োজনে কাউখালী থেকে বরিশালে যাতায়াত করেন অসংখ্য মানুষ। তবে সরাসরি বাস না থাকায় তাদের একাধিক যানবাহন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে সময় অপচয়ের পাশাপাশি বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের।

স্থানীয়রা জানান, কাউখালী থেকে বরিশালের দূরত্ব তুলনামূলক কম হলেও সরাসরি গণপরিবহন না থাকায় যাত্রীদের প্রথমে অটোরিকশা, মাহিন্দ্রা, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে করে নৈকাঠি কিংবা রাজাপুর যেতে হয়। এরপর সেখান থেকে বরিশালের বাসে উঠতে হয়। এতে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কাউখালী উত্তর বাজারের ঔষধ ব্যবসায়ী মোঃ শহিদুল বলেন, ব্যবসায়িক মালামাল কেনা এবং ব্যাংকসহ বিভিন্ন কাজে তাকে সপ্তাহে দুই-তিন দিন বরিশালে যেতে হয়। কিন্তু সরাসরি বাস না থাকায় প্রথমে অটোরিকশা বা মোটরসাইকেলে নৈকাঠী কিংবা রাজাপুর যেতে হয়।

পরে সেখান থেকে বরিশালের বাস ধরতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি খরচ হচ্ছে। মালামাল নিয়ে একাধিকবার গাড়ি পরিবর্তন করতে গিয়ে বাড়তি ভোগান্তিও পোহাতে হয়। দ্রুত কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানান তিনি।

নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী মাইনুল হুদা বলেন, তার বৃদ্ধ বাবাকে প্রায়ই চিকিৎসার জন্য বরিশালে নিতে হয়। সরাসরি বাস না থাকায় অসুস্থ রোগীকে নিয়ে বারবার গাড়ি পরিবর্তন করতে হয়। এতে রোগীর শারীরিক কষ্ট আরও বেড়ে যায়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য বিষয়টি অত্যন্ত দুর্ভোগের। একটি সরাসরি বাস সার্ভিস চালু হলে এ সমস্যা অনেকটাই কমে যাবে বলে তিনি মনে করেন।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কাউখালীর শিক্ষার্থী নাঈম ও ফেরদৌসী বলেন, কাউখালী থেকে অনেক শিক্ষার্থী বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সকালবেলার ক্লাস ও পরীক্ষা ধরতে তাদের ভোরেই বাড়ি থেকে বের হতে হয়। কিন্তু সরাসরি বাস না থাকায় পথে গাড়ি পরিবর্তন করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়। পাশাপাশি যাতায়াত খরচও বেড়ে যায়। শিক্ষার্থীদের সুবিধার জন্য অন্তত সকাল ও বিকেলে নিয়মিত সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানান তারা।

স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, কাউখালী থেকে ঢাকা, পিরোজপুরসহ বিভিন্ন রুটে যাতায়াতের ব্যবস্থা থাকলেও বিভাগীয় শহর বরিশালের সঙ্গে সরাসরি গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে বরিশালমুখী মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সচেতন মহল মনে করেন, কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। একই সঙ্গে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি চিকিৎসাপ্রার্থী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তিও কমবে।

এ জন্য সংশ্লিষ্ট পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের দ্রুত উদ্যোগ কামনা করেছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost