
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ৬৩ নং ধাওয়া রাজপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর,এমপি।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান, যাতে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে কার্যক্রমটি যথাযথভাবে বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, সরকারি জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সঠিক তথ্যভান্ডার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম হিসেবে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, ধাওয়া ইউনিয়নের বিএনপির সভাপতি কাজী আব্দুল কুদ্দুস সহ
সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।