
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে একটি মাদ্রাসা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে হেফাজতে নিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শিশুটিকে গ্রেপ্তার করা হয়েছে—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শিশুটির নাম তাফসিন আহমেদ আরিফ। তার বাবা আফজাল ও মা রেহেনা আক্তার। পারিবারিক বিরোধের একপর্যায়ে বাবা আফজাল শিশুটিকে নিজের কাছে নিয়ে যান। পরে সন্তানকে নিজের কাছে ফিরে পেতে মা রেহেনা আক্তার কাজিরহাট থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাজিরহাট থানা পুলিশের একটি দল ৭ নম্বর ভাষানচর বড়ইয়া হাফেজি মাদ্রাসা থেকে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে আদালতে হাজির করা হয়।
এদিকে, শিশুটিকে পুলিশ গ্রেপ্তার করেছে—এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট ঘটনার প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিশুটিকে কোনো অপরাধের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়নি। বরং মায়ের দায়ের করা পারিবারিক মামলার প্রেক্ষাপটে আদালতে হাজির করার জন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
শিশুটির বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
তবে শিশুটিকে আটকের বিষয়ে জানতে চাইলে মেহান্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমাদের কাছে আদালতের আদেশ আছে তাকে সেই মর্মে উদ্ধার করে আদালতে বুঝিয়ে দেওয়া হয়েছে।জানামতে বাচ্চা নিয়ে আদালতে মামলা চলমান আছে।