
বরিশালের কাজিরহাট থানাধীন ২ নম্বর লতা ইউনিয়নের সন্তোষপুর এলাকায় একটি কোচিং সেন্টারে কাঠের মাচা ভেঙে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজিরহাট বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিরহাট বাজারের পশ্চিম পাশে রাস্তার পাশে টিনশেড ঘরে কাঠের পাটাতন তৈরি করে দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দোকানটির মালিক সন্তোষপুর গ্রামের কবির সরদার। সেখানে সন্তোষপুর নেসারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের কোচিং করাতেন ওই মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ নিজাম উদ্দিন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় কোচিং সেন্টারটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। হঠাৎ কাঠের পাটাতনটি ভেঙে পড়ে। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়।
আহতদের মধ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুসা, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তালেব ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লাবিব গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের কাজিরহাট ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য আহত শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
দূর্ঘটনার পরপর ঐই শিক্ষক প্রভাষক মোহাম্মদ নিজাম উদ্দিন পালিয়ে যায়।সে পালিয়ে যাওয়ার কারনে ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে জানতে চাইলে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়ে।
উক্ত বিষয়ে জানতে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি কোচিং সেন্টারে এতসংখ্যক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও অবকাঠামোগত ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।