
যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ শাকিল ফকিরকে (৩০) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল।
বুধবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং এসআরবি-২-এর সিপিসি-২, বসিলা ক্যাম্পের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার শাকিল ফকির পটুয়াখালী জেলার দুমকি থানার মুরাদিয়া এলাকার বাসিন্দা। তিনি রফিক ফকিরের ছেলে। পটুয়াখালী সদর থানায় দায়ের করা যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, গুরুতর জখম ও হত্যাচেষ্টার মামলায় তিনি এজাহারনামীয় প্রধান অভিযুক্ত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ওই গৃহবধূর সঙ্গে শাকিল ফকিরের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। শাকিল ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি ব্যবসা করার কথা বলে অন্যান্য অভিযুক্তের প্ররোচনায় স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি।
এজাহারের অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন শাকিলসহ অন্য অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে গৃহবধূর বাবার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে হত্যার উদ্দেশ্যে শয়নকক্ষে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তার পায়ের রগ কেটে যায় এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গুরুতর জখম হন তিনি।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর শাকিল ফকিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।