শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৯৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম (২৩), আসপদ্দি গ্রামের বাবুল রায়ের ছেলে সজল রায় (২৬), উজিয়ালখান গ্রামের সুলতান খানের ছেলে সোহান খান (২৫) ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ডোমজুরি গ্রামের জাকির হোসেনের ছেলে সোয়াইন হোসেন (২৪)-কে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই চার মাদক ব্যবসায়ী গ্রেফতারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে কেউন্দ্রিয়া ও আসপদ্দি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান:এই ছেলেরা দীর্ঘদিন ধরে এলাকায় অল্প বয়সী স্কুল-কলেজের তরুণদের টার্গেট করে মাদক বিক্রি আসছিল।
এদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং চুরির উপদ্রবও বেড়ে গিয়েছিল। পুলিশ এদের ধরে খুব ভালো কাজ করেছে। আমরা চাই এদের যেন কঠিন শাস্তি হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,আমরা কাউখালী উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের চৌকস টিম ভোররাতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে এলাকায় সিন্ডিকেট করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ জুন) আসামিদের  পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost