বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সকল ইউনিয়ন থেকে আসা প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির যাচাই-বাছাই ও সনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরানুর রহমান প্রতিবন্ধীদের শারীরিক অবস্থা যাচাই-বাছাই করে প্রকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্ত করেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ হোসেন গণমাধ্যমকে জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে যারা প্রকৃত প্রতিবন্ধী হিসেবে সনাক্ত হবেন, তারাই সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।