বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
বরগুনায় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলাকারীদের সহিংসতার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। এ হামলায় ডিবির ৬ সদস্য আহত হয়েছেন।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং হত্যা মামলার আসামি জহিরুলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
আহতরা হলেন— ডিবির এএসআই অনিক, কনস্টেবল প্রিন্স, মাহমুদ, অমিত, আব্দুল্লাহ ও সবুজ। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) মধ্যরাতে বরগুনা সদর উপজেলার জাকিরতবক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ অক্টোবর রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্য লিটন ফরাজী, তার বাবা আব্দুর রশিদ ফরাজী ও ভাই রাব্বি ফরাজী গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা যান আব্দুর রশিদ ফরাজী। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
ওই মামলার এজাহারভুক্ত আসামি জহিরুলকে গ্রেফতারের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের সময় জহিরুলের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সদর থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তারপর হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আরও ৪ জনকে আটক করা হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেফতারের সময় তিনি ও তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালান। জহিরুল মাদককারবার ও ডাকাতির সঙ্গেও জড়িত বলে তথ্য রয়েছে। হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।
বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, অভিযানের সময় ডিবি সদস্যদের ওপর হামলা ও অবরুদ্ধ করার ঘটনা ঘটে। পরে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।