
পিরোজপুরের কাউখালীতে “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান,
সমাজসেবা অফিসার জাহাঙ্গীর হোসেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, নবম শ্রেণীর
শিক্ষার্থী সাদিয়া সিদ্দিকী ও আফরিন জাহান।
বক্তারা তাঁদের বক্তব্যে কন্যা শিশুদের সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠন এবং কন্যা শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আজকের দিনে আমাদের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন,কন্যা শিশুরা আজকের দিনে আর কোনো বাধা নয়, বরং তারা আমাদের সমাজ ও দেশের চালিকাশক্তি। আজকের শিশুটিই আগামী দিনে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। কাউখালী উপজেলাকে বাল্যবিয়ামুক্ত করতে প্রশাসন শতভাগ কঠোর অবস্থানে রয়েছে। কোনো কন্যা শিশু যেন বাল্যবিয়ের শিকার না হয় এবং তাদের শিক্ষার অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে আমরা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করছি। কন্যাদের নিরাপদ পরিবেশ ও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার জোর আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।