সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাগজে সচল, মাঠে অচল: কুয়াকাটায় উদ্ধারযান নিয়ে প্রশ্ন মসজিদে গিয়ে স্কুলছাত্রীর টিকটক,ছারপত্র দিল বিদ্যালয় দুধের শিশুসহ মা কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল অবুঝ দুই সন্তান ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি বরিশালে নারীদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সঙ্ঘের ৬ দিনব্যাপী ৬২তম ধর্মীয় অনুষ্ঠান শুরু মঠবাড়িয়ায় ক্যানসার রোগীকে নগদ অর্থ ও বিশেষ চাহিদা সম্পন্নকে হুইল চেয়ার বিতরণ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন
দুধের শিশুসহ মা কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল অবুঝ দুই সন্তান

দুধের শিশুসহ মা কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল অবুঝ দুই সন্তান

লক্ষ্মীপুরে একটি মামলায় ফারহানা আক্তার শিল্পি নামের এক নারীসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এরমধ্যে শিল্পির সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার দুধের শিশুটিকেও। এ সময় স্কুলড্রেস পরিহিত তার আরও দুই সন্তান দাঁড়িয়ে ছিল জেলগেটে।

সোমবার (১১ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারে এমনই দৃশ্য দেখা যায়।

সোমবার বিকেল ৫টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত সদরের পেশকার দেলোয়ার হেসেন বলেন, সিআর ৫৬৫ মামলায় আসামি শিল্পি ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে আদালতের বিচারক শাহ জামাল এ নির্দেশ দেন। আমরা আসামিদের আদালতের পুলিশ হাজতে দিয়েছি। পরে বাচ্চাকে কারাগারে নিয়েছে নাকি বাসায় নেওয়া হয়েছে তা জানি না।

এদিকে প্রিজনভ্যানের ভেতর মায়ের কোলে থাকা শিশুটি ও জেলগেটে দাঁড়িয়ে থাকা দুই সন্তানের ছবি ফেসবুকে দিয়ে আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন একটি স্ট্যাটাস দিয়েছেন। এরসঙ্গে ঘটনার দিনের একটি ভিডিও তিনি পোস্ট করেছেন। এ ব্যাপারে আইনজীবী স্বপন বলেন, দুধের শিশু সিয়ামসহ শিল্পি এখন কারাগারে রয়েছে। তার অন্য দুই সন্তান পঞ্চম শ্রেণির ছাত্র শিপন হোসেন (১০) ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (৮) জেলগেটে গিয়ে মায়ের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তারা শহীদ স্মৃতি আদর্শ একাডেমির শিক্ষার্থী। তাদের পরীক্ষা চলমান।

আইনজীবী মহসিন কবির স্বপন স্ট্যাটাসটিতে (হুবহু) লিখেন, মায়ের সাথে দুগ্ধজাত ১ বছরের শিশুটিও হাজতে। অভিযোগ লোহার রড দিয়ে বাড়ি, এমসি নীল। আরও দুটি শিশু বাচ্চার পরীক্ষা চলমান। ৪৯৭ ও কাজ হয়নি, সদরে স্বাধীন ব্যবস্থার সুফল পাচ্ছি। মায়ের জন্য দুটি বাচ্চা জেল খানার সামনে দাঁড়িয়ে।

ভিডিও’র বিশ্লেষণে তিনি লিখেছেন, দেখুনতো গোলাপি জামা পরা মেয়েটির  হাতে কি লোহার রড আছে? সেতো মার খাচ্ছে, অথচ বলা হচ্ছে সে মেরেছে এবং জেলে।

আসামিপক্ষের আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, এজাহারে উল্লেখ করা হয়েছে শিল্পি লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেছেন। এতে বাদীর মাথা ফেটে মগজ বের হয়ে যায়। এজাহার দেখে আদালত মামলাটি আমলে নিয়ে মেডিকেল সার্টিফিকেট তলব করেন। বাদী মেডিকেল সার্টিফিকেট আদালতে জমা দিয়েছেন। তবে সেখানে সাধারণ জখম উল্লেখ করেছেন চিকিৎসকরা। এতে ঘটনাটি জামিনযোগ্য হলেও আদালত শিল্পিসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন। শিল্পির সঙ্গে তার দুধের শিশুও এখন কারাগারে।

শিশু সন্তানসহ এক নারীকে কারাগারে নেওয়ার বিষয়টি লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল নিশ্চিত করেছেন। তিনি বলেন, আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে একটি মামলায় তার মা শিল্পি এখন কারাগারে আছেন। বিকেলে তাদেরকে কারাগারে আনা হয়েছে।

এজাহার সূত্র জানায়, মামলার বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার মৃত ছিদ্দিক উল্যাহ ভূঁইয়ার ছেলে। ১৫ এপ্রিল তার ওপর হামলার অভিযোগ এনে তিনি অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে মামলা করেন। এতে প্রতিবেশী শিল্পিসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করা হয়।

শিল্পি পৌরসভার সাহাপুর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। মামলায় উল্লেখ করা হয়, শিল্পি রড দিয়ে বাদীর মাথার পেছনে আঘাত করেন। এতে বাদীর মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে যায়।

অন্যদিকে এজাহারে গুরুতর আঘাত উল্লেখ করা হলেও লক্ষ্মীপুর সদর হাসপাতালের দেওয়া মেডিকেল সার্টিফিকেটে (এমসি) আঘাতের ধরণ সিম্পল (সাধারণ) বলে উল্লেখ করা হয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost