
সরকারের দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ এপ্রিল) সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নে ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডের চরখালীর কাটাখাল ও ভারানীর খালের ৩.০০কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান,ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হালদার,ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন , সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার), ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার,সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, ভাণ্ডারিয়া সদর ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার প্রমূখ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
বর্তমান সরকার খাল পুনঃখননকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখছে। পানি ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

Leave a Reply