বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ফরিদপুরের সদরপুরে গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। রিপন শিকদার উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ১টার দিকে নিজ দোকানে একটি বয়ামে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই আশপাশের লোকজনের সহায়তায় দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় তিনি ছোবল দেওয়া সাপটিকেও সঙ্গে করে নিয়ে আসেন, যা হাসপাতালে উপস্থিত সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (এন্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে নিয়ে আসায় রোগীর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোকান বা ঘরের ভেতরে লুকিয়ে থাকা সাপ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
Leave a Reply