, , ,
শিরোনাম
নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হাতেম আলী কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক মেহবুবা আলম কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদল নেতা আদনান রু‌বেল আটক, আদালতে প্রেরণ
‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের নেতা—কর্মীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন করেছেন। তাঁদের অভিযোগ, ঘোষিত কমিটিতে ‘গুপ্ত’, ‘হাইব্রিড’ এবং জামায়াতের সাবেক নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) সকালে নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে জেলা কমিটির অনুমোদন ছাড়াই একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা নুরুল আমিনকে আহ্বায়ক করা হয়েছে। তাঁরা আরও অভিযোগ করেন, কমিটিতে বিতর্কিত ব্যক্তি, আওয়ামী লীগের সাবেক নেতা এবং এমনকি মৃত ব্যক্তির নামও অন্তর্ভুক্ত রয়েছে।

বক্তারা দাবি করেন, জামায়াতে ইসলামীতে থাকাকালে নুরুল আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। এ কারণে অবিলম্বে বর্তমান আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান তাঁরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। এ সময় বিক্ষোভকারীরা আহ্বায়ক নুরুল আমিনের বিরুদ্ধে স্লোগান দেন এবং কালো পতাকা প্রদর্শন করেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে দ্রুত কমিটি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।

সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সাবু বলেন, ‘চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ হলো দলে কোনো গুপ্ত বা হাইব্রিডের স্থান হবে না। কিন্তু সেই নির্দেশ অমান্য করে গুপ্ত, হাইব্রিড ও জামায়াতের লোকজন নিয়ে সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করছি।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুছ ছালাম রাঢ়ী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টু খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিমসহ (রেজা রাঢ়ী) দলের বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মীরা।

তবে এ বিষয়ে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বা সংশ্লিষ্ট জেলা বিএনপির নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost