
ঝালকাঠির নলছিটিতে গাঁজা সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাতের অভিযানে পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে আদনান রুবেলকে আটক করা হয়। থানায় নেওয়ার পর তার স্বজনরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
আটক আদনান রুবেল নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “আদনান রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। আইনের প্রয়োগে কোনো ধরনের তদবির বা প্রভাব বিবেচনায় নেওয়া হচ্ছে না।”
এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন। তাদের ভাষ্য, মাদকসংশ্লিষ্ট অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে।
পুলিশ জানিয়েছে, নলছিটিসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন।