
পণ্যের মূল্য ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় একটি বেকারিসহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নেছারাবাদ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে উপজেলার কৌড়িখাড়া বিসিক শিল্পনগরী ও ইন্দুরহাট বন্দরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় অনিয়মের দায়ে দেশ বেকারিকে ৬ হাজার টাকা, ভাই ভাই কনফেকশনারিকে ২ হাজার টাকা এবং ঢাকা কনফেকশনারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।