বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম প্রহরে গ্রাম-বাংলার চিরচেনা ঐতিহ্যে মেতে উঠেছে কোমলমতি শিশুরা।
আর এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। নিজের বাড়ির আঙিনায় এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করেন এক আনন্দঘন বনভোজন ও ভুরিভোজের। সরেজমিনে দেখা যায়, নতুন বছরের আগমনে প্রতিটি শিশুই সেজেছে বৈশাখের রঙিন সাজে।
তাদের চোখে-মুখে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রিয় শিক্ষিকার নিজ হাতের রান্না। যান্ত্রিকতার বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আর মমতার বহিঃপ্রকাশ ঘটাতে তিনি নিজ হাতে পাকশাক (রান্না) করেন এবং পরম যত্নে শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন।
শিক্ষার্থীদের সাথে নিয়ে একসাথে খাবার খাওয়া এবং গল্প-গুজবের মধ্য দিয়ে এক পারিবারিক আবহাওয়া তৈরি হয়। শিক্ষকের এমন মাতৃসুলভ আচরণে মুগ্ধ কোমলমতি শিশুরা।
দিনভর হাসি, গান আর হুল্লোড়ে কাটল তাদের বছরের প্রথম দিন।উপস্থিত অভিভাবকরা জানান, বর্তমান সময়ে শিক্ষক ও শিক্ষার্থীর এমন সুন্দর সম্পর্ক সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন শিশুদের মনন বিকাশে এবং দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে বড় ভূমিকা রাখবে। পরিশেষে একে অপরকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে বিদায় নেয় শিশুরা।
Leave a Reply