বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
ভাণ্ডারিয়ায় লাইসেন্সবিহীন ৪ ব্যবসায়ীকে জরিমানা শিক্ষকদের শাটডাউনে পুরোপুরি অচল বরিশাল বিশ্ববিদ্যালয় পাথরঘাটায় জেলে কে নিজ বাড়ির উঠোনেই পিটিয়ে হত্যা, হত্যাকারীরা উধাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: ভারত পুরানো পুকুর খননে উল্লাপাড়ায় উদ্ধার হলো কষ্টিপাথরের দুর্গা মূর্তি আমতলীতে চাঞ্চল্য: চাঁদাবাজি মামলার বাদী গরু চুরি মামলার আসামি বরিশাল এলজিইডিতে উন্নয়নের নামে স্ক্র্যাপ সাম্রাজ্য? ফ্যাসিস্ট ঠিকাদার হাসানকে ঘিরে ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা কাউখালীতে কোরবানিকে ঘিরে ভেটেরিনারি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরপূর্বক সালিসের চেষ্টাঃ কাউনিয়ার ওসির নামে অভিযোগ দায়ের
শিক্ষকদের শাটডাউনে পুরোপুরি অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের শাটডাউনে পুরোপুরি অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষকের পদোন্নতির দাবিতে অসহযোগ আন্দোলনের পর শাটডাউন ঘোষণার তৃতীয় দিন মঙ্গলবারও পুরোপুরি অচল হয়ে আছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। শিক্ষকদের এ দাবি আদায়ে উপাচার্য আন্তরিক নয়— এমন অভিযোগ তুলে তাকে অবাঞ্চিতও ঘোষণা করেছে আন্দোলনরতরা। আগে থেকেই ববির ২৫ বিভাগের মধ্যে ২৪ বিভাগেই সেশনজট তীব্র। এরই মধ্যে গত ২২ দিন ধরে চলমান অসহযোগ আন্দোলনসহ কর্মবিরতির প্রভাবে শিক্ষার্থীরা আরও তীব্র সেশনজটের আতঙ্কে আছেন।

সব যোগ্যতা অর্জনের পরও ববির ২১০ শিক্ষকের মধ্যে ৬০ জনের পদোন্নতি দীর্ঘদিন আটকে রেখেছে ববি— এমন অভিযোগ তুলে গত ২০ এপ্রিল থেকে আন্দোলনে নামেন শিক্ষকরা। এরপর কর্মবিরতি ঘোষণা করে ক্লাস ও ফাইনাল পরীক্ষাসহ শিক্ষক সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নেন শিক্ষকরা। এরপর ত্রিপক্ষীয় বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে শিক্ষকরা পাঁচ দিনের আলটিমেটাম দিয়ে ফাইনাল পরীক্ষা গ্রহণ করতে শুরু করেছিলেন। কিন্তু ৯৪তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের দাবি আদায়ের বিষয়টি উপাচার্য অগ্রাহ্য করেছেন বলে অভিযোগ তুলে শাটডাউন ঘোষণা করে শিক্ষকরা। এতে করে এখানকার ২৫ বিভাগের প্রায় সব কটিতেই চলমান ফাইনাল পরীক্ষা—পাঠদান বন্ধ হয়ে যায়।

ইতোমধ্যে ববির ২৫ বিভাগের মধ্যে শুধুমাত্র আইন বিভাগ ছাড়া বাকিগুলোতে সেশনজট চলছে। এরই মধ্যে আন্দোলনের প্রভাবে তাদের শিক্ষা কার্যক্রম আরও পিছিয়ে যাচ্ছে, ফলে আরও তীব্র সেশনজটে জড়িয়ে যাওয়ার চরম শঙ্কা প্রকাশ করেছেন এখানকার শিক্ষার্থীরা। ইতোমধ্যে কর্মকর্তা—কর্মচারীদের একটি অংশ শিক্ষকদের আন্দোলনে ঐক্যমত পোষণ করেছেন। আন্দোলনে অংশ হিসাবে ববির প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন তিনজন সহযোগী অধ্যাপক। আন্দোলনের অংশ হিসাবে তারা প্রতিদিন জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ধীমান কুমার রায় বলেন, আমাদের যৌক্তিক দাবি এখনও মেনে নেওয়া হচ্ছে না। ফলে আমরা বাধ্য আন্দোলনে নেমেছি। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আমরা ক্লাসে ফিরব না।

এ আন্দোলনের প্রভাবে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়— এ বিষয়ে শিক্ষকরা আন্তরিক বলে জানান তিনি।ববি উপাচার্য অধ্যাপক তৌফিক আলম শিক্ষকদের উদ্দেশে বলেন, আমরা শিক্ষকদের পদোন্নতির বিষয়ে খুবই আন্তরিক। দ্রুত সময়ের মধ্যে তাদের পদোন্নতির ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।প্রসঙ্গত, টানা আন্দোলনের আগে থেকেই পদোন্নতি চাওয়া শিক্ষকরা তাদের প্রচলিত নিয়ম বা বিধি মেনে পদোন্নতি চাইছে। ববি প্রশাসন ২০১৫ সালের বিধি অনুযায়ী পদোন্নতি দিতে উদ্যোগ নিয়েছিল। কিন্তু ইউজিসি সেই নিয়োগ কার্যক্রম আটকে দিয়ে ২০২১ সালের অভিন্ন নীতিমালা অনুযায়ী পদোন্নতি দিতে বলে। কিন্তু দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় এ অভিন্ন নীতিমালায় যুক্ত হলেও ববিসহ তিনটি বিশ্ববিদ্যালয় তা করেনি। তাই এখন বিধিমালা তৈরি করে ববির সিন্ডিকেট সভায় পাস করে ইউজিসির অনুমোদন শেষে আগামী দুই মাসের মধ্যে পদোন্নতি দেওয়া হবে বলে বলছে ববি প্রশাসন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost