বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ভোলার চরফ্যাশনে জেলেদের ভিজিএফের চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে নারী প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।
হামলায় প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজী গুরুতর আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার ৯নং চর মানিকা ইউনিয়ন পরিষদে মারধরের ঘটনা ঘটে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিস সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি ও মার্চ মাসে জেলেদের পূর্ণবাসনের জন্য উপজেলার মোট ২৪ হাজার দুইশত নিবন্ধিত জেলের জন্য ১ হাজার ৯৩৬টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চর মানিকা ইউনিয়ন পরিষদের ১২শত নিবন্ধিত জেলের জন্য বরাদ্দ হয় ৯৬টন চাল। বিতরণের দায়িত্ব পান প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম।
প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম জানান, নিবন্ধিত জেলেদের তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণের প্রস্তুতির সময় স্থানীয় বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিবন্ধিত প্রকৃত জেলেদের নাম বাদ দিয়ে মনগড়া কিছু নামের তালিকা নিয়ে আসেন। তার দেওয়া তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণের জন্য চাপ প্রয়োগ করেন। তার দেওয়া তালিকার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালে, মোস্তাফিজুর রহমানকে ক্ষীপ্ত হয়ে দলবল নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার স্বামী আবুল কালাম এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি মারধর করে।
খবর পেয়ে দক্ষিণ আইচা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁলে আহত প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠায়।
অভিযুক্ত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান জানান, জেলেদের ভিজিএফ চাল বিতরণের তালিকায় অনিয়ম করায় স্থানীয় জেলেরা ক্ষীপ্ত হয়ে তাকে মারধর করেছে।
দক্ষিণ আইচা থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির জানান, ভিজিএফ চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও প্যানেল চেয়ারম্যানের সঙ্গে হাতাহাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের হাসপাতালে পাঠায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, এঘটনায় উভয় পক্ষকে উপজেলায় ডাকা হয়েছে।
Leave a Reply