শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, “বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিশ্বাস করে। জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।”
ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসী নেতৃত্বের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়নে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা কৃষক দলের সভাপতি তকদীর হোসেন, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন