বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নং আদর্শ নগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল রাতের আঁধারে পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার এবং উপজেলা মৎস্য অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাগরের বিরুদ্ধে। চালবোঝাই একটি অটো রিকশা স্থানীয়রা হাতেনাতে আটক করলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আদর্শ নগর ইউনিয়নে সাতজন জেলের নামে বরাদ্দকৃত চাল নিয়ম বহির্ভূতভাবে একজনের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা চালবোঝাই একটি অটো রিকশা গতিরোধ করে সেটি আটক করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অন্ধকারে সরকারি চাল এভাবে সরিয়ে নেওয়া স্পষ্টত চুরির শামিল এবং বিক্রির উদ্দেশ্যেই এটি পাচার করা হচ্ছিল।
এই অনিয়মের সাথে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার এবং মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ সাগরের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, জেলের চাল বিতরণে স্বচ্ছতা থাকার কথা থাকলেও ক্ষমতার অপব্যবহার করে তারা এই চাল পাচারের চেষ্টা করছিলেন।
ঘটনার বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদারকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, “একটু ঝামেলা হয়েছে, পরে কথা বলি।” এই বলেই তিনি দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে স্থানীয়রা জানান, পরিস্থিতি বেগতিক দেখে তিনি ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
অভিযুক্ত মৎস্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাগরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত জেলেরা চাল না পাওয়ায় এবং রাতের আঁধারে চাল হস্তান্তরের ঘটনায় আদর্শ নগর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
বর্তমানে আটককৃত চাল ও অটো রিকশা স্থানীয়দের হেফাজতে রয়েছে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে
Leave a Reply